টমেটো খেজুর আমসত্ত্বের চাটনি

উপকরণঃ

১ টেবিল চামচ সর্ষে তেল

১/২ চা পাঁচফোড়ন 

১ টা গোটা শুকনো লঙ্কা

২৫০ গ্রাম পাকা লাল টমেটো

স্বাদ অনুযায়ী লবণ

২০০ গ্রাম চিনি বা আপনার স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করতে পারেন

১ চা চামচ পাতিলেবুর রস

৮/৯ টি কাজু বাদাম

১০/১২ টি কিশমিশ

দানা বের করা ৬/৭ টি খেজুর লম্বা টুকরো করে কাটা

অল্প কিছু চৌকো টুকরো করা আমসত্ত্ব

ভাজা মশলা গুঁড়ো ১ চা চামচ ( ১ চা চামচ গোটা জিরা+১ চা ধনে + ২ টি শুকনো লঙ্কা + ১ টি তেজপাতা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিতে হবে)


প্রস্তুত প্রণালীঃ

১. প্রথমে একটি প্যান গ্যাসের চুলায় বসিয়ে সরষের তেল দিয়ে গরম করে পাঁচফোড়ন গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিন। এবারে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে টুকরো করে রাখা টমেটো গুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিন। 

২. এবারে এই সময় স্বাদ অনুযায়ী লবণ দিয়ে, সবকিছু ভালো করে মিশিয়ে চুলার আঁচ কম রেখে ঢাকা দিয়ে ৭ থেকে ৮ মিনিট রান্না করে নিন টমেটো নরম হয়ে আসা পর্যন্ত। ( এই সময়ের মধ্যে ঢাকা খুলে একবার নেড়েচেড়ে নিবেন)

৩. এবারে ৭/৮ মিনিট পরে ঢাকা খুলে একটা হাতার সাহায্যে টমেটোগুলো ভালো করে ম্যাশ করে নিন যাতে  টমেটো গোটা অবস্থায় না থাকে। এবারে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিন। এরপর দিয়ে দিন এক চা চামচ লেবুর রস তারপর ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে ৫ মিনিট নেড়ে চেড়ে রান্না করে নিন।

৪. এবারে সমস্ত  ড্রাই ফ্রুটস ও আমসত্ত্ব গুলো দিয়ে আবার ও সবকিছু ভালো মতন নেড়ে চেড়ে মিশিয়ে নিন। এরপর ভাজা মসলা দিয়ে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি অনুষ্ঠান বাড়ির মত মজাদার টমেটো খেজুর আমসত্ত্বের চাটনি। এবারে গরম অথবা ঠাণ্ডা পরিবেশন করুন।

Post a Comment

Previous Post Next Post

Contact Form